আইবিএন রিপোর্ট: রাজশাহী মহানগরীকে সবুজ, পরিবেশবান্ধব, স্মার্ট, স্বাস্থ্যকর ও জলবায়ু-সহনশীল আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সাক্ষাতের শুরুতে রাসিক প্রশাসক রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। আলোচনা শেষে তাঁর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং রাসিকের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মতবিনিময় সভায় রাজশাহীকে নিরাপদ, স্বাস্থ্যকর ও জলবায়ু-সহনশীল আধুনিক নগরী হিসেবে রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, নগর সবুজায়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, স্মার্ট সিটি অবকাঠামো এবং জনস্বাস্থ্য সেবার মানোন্নয়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি গুরুত্ব পায়।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজশাহীকে একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। যুক্তরাষ্ট্রের মতো দেশের উন্নত প্রযুক্তি ও নগর ব্যবস্থাপনার অভিজ্ঞতা আমাদের পথ দেখাবে বলে আশা করি।”
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহীর উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করেন এবং নগরীর টেকসই উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন.রাষ্ট্রদূতের সফরসঙ্গী পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান ও পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ড।
রাসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএম আঞ্জুমান আরা বেগমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
