আইবিএন রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ‘সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬’ পাসের প্রতিবাদে এবং শেখ হাসিনার বিরুদ্ধে কথিত মামলার রায় বাতিলসহ বিভিন্ন দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে গত ২০ এপ্রিল ২০২৬ দুপুর ১২টায় এক প্রতিবাদ বিক্ষোভ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘এলায়েন্স অব বাংলাদেশি আমেরিকান্স’, হিউম্যান রাইটস ওয়াচ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবারসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, বাকসুর সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ করের নেতৃত্বে দেড় শতাধিক প্রবাসী এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অর্ধশতাধিক প্রবাসী সমাবেশে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন ড. প্রদীপ কর।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকীব মন্টু, সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ দশকের ছাত্রনেতা সমীর রায়, সাবেক প্রেস মিনিস্টার সাবান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু ভূঁইয়া।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধের আইন বাতিল, রাজবন্দীদের মুক্তি, পুলিশ হত্যার বিচার, সংবিধান লঙ্ঘনকারীদের গ্রেফতার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপব্যবহার বন্ধ এবং ১৯৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানান। তারা জঙ্গি-সন্ত্রাসের উত্থান রোধে প্রেসিডেন্ট ট্রাম্প ও জাতিসংঘ মহাসচিবের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি-জামায়াত সরকার উৎখাতের দুর্বার আন্দোলনের হুমকি দেন।
ড. প্রদীপ কর ঘোষণা করেন, ৪ মে স্টেট ডিপার্টমেন্টের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া ৩০ এপ্রিল স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে আরেকটি বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আওয়ামী পরিবারসহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃকর্মীর মধ্যে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, শেখ কামাল সংসদ যুক্তরাষ্ট্র এর সভাপতি ডা. মাসুদুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সোলাইমান আলী, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি অ্যাডভোকেট মুর্শেদা জামান, শেখ হাসিনা মঞ্চের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন জলিল, আওয়ামীলীগ নেতা আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা মনজুর চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাইনউদ্দিন, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, শাখাওয়াত আলী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান রফিক, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ, এডভোকেট রকিবউদ্দিন দুলাল, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন সুলতানা পলি, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচএম ইকবাল, সাধারণ সম্পাদক কিবরিয়া জামান, শেখ হাসিনা মঞ্চের সহ-সভাপতি টি.মোল্লা, বাকের ভূঁইয়া, যুবলীগ নেতা তারেকুল হায়দার চৌধুরী, শেখ জামাল, খন্দকার জাহেদুল ইসলাম,যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম, হৃদয় মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের সময় সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। চলতি বছরের ৮ এপ্রিল জাতীয় সংসদে ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল ২০২৬’ কণ্ঠভোটে পাস হয়, যা ওই নিষেধাজ্ঞাকে আইনি রূপ দেয়।
