আইবিএন রিপোর্ট: মুন্সীগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো। তাঁর ঐকান্তিক উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় একের পর এক উন্নয়ন প্রকল্পের বরাদ্দ নিশ্চিত হয়েছে।
তাঁর একক প্রচেষ্টায় দিঘীরপাড় অভয়চরণ উচ্চ বিদ্যালয়ের দেওয়াল প্রাচীর নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে ১০ লাখ টাকার বিশেষ অনুদান অনুমোদিত হয়েছে। এছাড়া জেলায় ৪০টি টিউবওয়েল (কল) স্থাপনের বরাদ্দও নিশ্চিত করা হয়েছে।
জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে ৫৪টি প্রকল্পে বরাদ্দ এসেছে। এর মধ্যে কিছু প্রকল্পে ৩ লাখ টাকা এবং কিছুতে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মমতাজ আলো নিজেই।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কামারখাড়া থেকে হাসাইল বাজার পর্যন্ত ১৪ ফুট প্রশস্ত আরসিসি ঢালাই রাস্তার বরাদ্দ নিশ্চিত হয়েছে। দিঘীরপাড় হাইস্কুলের রাস্তা সংস্কারে প্রাথমিকভাবে ১৪ লাখ টাকা এবং দিঘীরপাড় শাখা নদীর ওপার থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত রাস্তা সংস্কারের জন্যও বরাদ্দ অনুমোদিত হয়েছে।
শিক্ষা ও সামাজিক অবকাঠামো উন্নয়নে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাকি গ্রামের শহীদ শ্যামল স্মৃতি পাঠাগারে ১০ লাখ টাকা এবং লৌহজং উপজেলার কোমারভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ লাখ টাকার বিশেষ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
এছাড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতায় টংগীবাড়ী উপজেলার হাসাইল বাজার থেকে কলমা পর্যন্ত সড়ক উন্নয়নে ১ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করেছেন মমতাজ আলো।
এসব বরাদ্দের জন্য এলাকাবাসী মমতাজ আলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও সহজ হবে।
এলাকাবাসী আশা করছেন, মমতাজ আলোর মতো নেতৃত্বে ভবিষ্যতেও মুন্সীগঞ্জে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।

