আইবিএন রিপোর্ট: যুক্তরাষ্ট্রে প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স ১৯৭১ ইউএসএ’ নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করেছে।
অনুষ্ঠান শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ। অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন।
জাতীয় সঙ্গীত পরিবেশনের পর এক মিনিট নীরবতা পালন করা হয় মহান মুক্তিযুদ্ধের শহীদ, ভাষা আন্দোলনের শহীদ, ১৯৭৫-এর ১৫ আগস্ট ও জেলহত্যার শহীদদের স্মরণে।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া, স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করা এবং বঙ্গবন্ধুর ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা উদীচী শিল্পী গোষ্ঠী ও ছায়ানটের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানান।

আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, সাপ্তাহিক ঠিকানার সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, মকবুল হোসেন তালুকদার, আবুল বাসার চুন্নুসহ অনেকে। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন উদীচী শিল্পী গোষ্ঠীর ক্লারা রোজারিও, আল আমিন বাবু প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, মুক্তিযোদ্ধা ও প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যরা। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
