আবারও ইতিহাস গড়ে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতির শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা এস. সাঈদ

নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে গত ১৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫টায় শপথ গ্রহণ করেছেন বাংলাদেশি-আমেরিকান সোমা এস. সাঈদ। এর মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো ইতিহাস রচনা করলেন। এর আগে ২০২১ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি-আমেরিকান নির্বাচিত বিচারক হিসেবে ইতিহাস গড়েছিলেন।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
ছবি: নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিচ্ছেন সোমা এস সাঈদ।

আইবিএন রিপোর্ট: আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর পবিত্র কোরআন স্পর্শ করে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে গত ১৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫টায় শপথ গ্রহণ করেছেন বাংলাদেশি-আমেরিকান সোমা এস. সাঈদ। এর মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো ইতিহাস রচনা করলেন। এর আগে ২০২১ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি-আমেরিকান নির্বাচিত বিচারক হিসেবে ইতিহাস গড়েছিলেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট সিনেটর জন লিউ, সিনেটর টবি অ্যান স্ট্যাভিস্কি, অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন, কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস এবং কোর্ট অব আপিলসের প্রধান বিচারপতি রোয়ান ডি. উইলসনসহ অনেকে শুভেচ্ছা বক্তব্য দেন। তারা সোমা এস. সাঈদের মেধা ও কর্মনিষ্ঠাকে বাংলাদেশের জন্য অনন্য গৌরব বলে অভিহিত করেন।

ছবি: সোমা এস সাঈদ এর শপথ অনুষ্ঠানে বাঁ থেকে দ্বিতীয় আইবিএন নিউজ এর প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন সহ অন্যান্যরা।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সাঈদ এবং টাঙ্গাইলের সাবেক গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা আমিনা বেগম সাঈদের কন্যা সোমা এস. সাঈদ ১২ বছর বয়সে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন এবং কুইন্সে বসবাস শুরু করেন। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে পড়াশোনার পর সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে স্নাতক এবং অ্যালবানি ল স্কুল থেকে জুরিস ডক্টর (জেডি) ডিগ্রি অর্জন করেন।

দেড় দশকের বেশি সময় অ্যাটর্নি হিসেবে কাজ করার পাশাপাশি কমিউনিটি সেবায় জড়িত থেকে তিনি ২০২১ সালে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নে কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হন। পরবর্তীতে ম্যানহাটনের ক্রিমিনাল কোর্টে দায়িত্ব পালন করেন এবং ২০২৪ সাল থেকে পুনরায় কুইন্স সিভিল কোর্টে ফিরে আসেন। সর্বশেষ ৪ নভেম্বর ২০২৫-এর নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বিজয়ী হন, যেখানে তিনি আড়াই লক্ষাধিক ভোট পেয়েছেন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী এ ঘটনাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। সোমা এস. সাঈদের স্বামী মিজান চৌধুরীসহ পরিবারের সদস্যরা বলেন, তাঁর উত্থান অভিবাসী সমাজের জন্য আমেরিকান স্বপ্ন পূরণের অনন্য উদাহরণ।

ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, ড. দীলিপ নাথ এবং অ্যাটর্নি অশোক কর্মকার বলেন, এ বিজয় বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিজয় এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

সোমা এস. সাঈদ নিউইয়র্ক সিটি ইকুয়াল রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, রাইট অব জাস্টিস কাউন্সিলের বোর্ড মেম্বার, এশিয়ান আমেরিকান জাজেস অ্যাসোসিয়েশনের সদস্য এবং কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির নেতৃবৃন্দ, কমিউনিটি নেতা গিয়াস আহমেদ, জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম শামসী আলী, হাকিকুল ইসলাম খোকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিনশতাধিক বাঙালি। অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version